শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬

শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার

কুবি থেকে আহসান হাবিব রাফি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

অপ্রতিম

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। মরদেহ উদ্ধারের সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

কুমিল্লা দক্ষিণ থানার ওসি রাকিবুল ইসলাম ও কোর্টবাড়ি পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ১৩ বছরের ওই কিশোরের মরদেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ নম্বর গেটের পাশের পাহাড়ের নিকটে জঙ্গলে পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ গেছে।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। নিখোঁজ অপ্রতিম একজন শিক্ষার্থী। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলে পড়াশোনা করে।

এর আগে সেই শিক্ষিকা ফেসবুক পোস্টে আকুতি জানিয়ে লেখেন, আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।

Link copied!