শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬

শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

যুক্তরাজ্যে উড ব্যাজ অর্জন করলেন মেট্রোপলিটনের মিনহাজ রহমান

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

স্কাউটার শাহ মিনহাজ রহমান

মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও রোভার স্কাউট লিডার (আরএসএল) স্কাউটার শাহ মিনহাজ রহমান, পিএস যুক্তরাজ্যে স্কাউটিংয়ের সর্বোচ্চ প্রশিক্ষণমূলক স্বীকৃতিগুলোর একটি ‘উড ব্যাজ পার্চমেন্ট সার্টিফিকেট’ অর্জন করেছেন। এর আগে তিনি বাংলাদেশেও উড ব্যাজ অর্জন করেছিলেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ মিনহাজ রহমানের দীর্ঘ স্কাউটিং জীবনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অর্জন। তিনি ২০০১ সালে স্কাউটিংয়ের অন্যতম শীর্ষ সম্মাননা ‘প্রেসিডেন্টস স্কাউট (পিএস)’ অর্জন করেন এবং ২০১৪ সালে ‘ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড (এনসিএ)’ লাভ করেন। পরবর্তীতে ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে উড ব্যাজ অর্জন করেন।

শাহ মিনহাজ রহমান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে রোভার স্কাউটিংয়ের প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতায় বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট কার্যক্রম আরও গতিশীল হয়েছে। যুক্তরাজ্যে উড ব্যাজ অর্জনের মাধ্যমে তাঁর সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন এক আন্তর্জাতিক স্বীকৃতি।

এই অর্জনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এম রহমান চৌধুরী, রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক শেখ আশরাফুর রহমান, গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার মো. আমজাদ হোসেন এবং গার্ল-ইন-রোভার স্কাউট লিডার ওয়াদিয়া ইকবাল চৌধুরী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় তারা বলেন, শাহ মিনহাজ রহমানের এই আন্তর্জাতিক অর্জন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের জন্য একটি গৌরবময় ও ঐতিহাসিক সাফল্য। তাঁর এই স্বীকৃতি তরুণ রোভার স্কাউটদের নেতৃত্ব, সেবা ও দক্ষতা উন্নয়নে অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, উড ব্যাজ বিশ্ব স্কাউট আন্দোলনের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষণমূলক অ্যাওয়ার্ড। নেতৃত্ব ও প্রয়োজনীয় দক্ষতার নির্ধারিত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর এই স্বীকৃতি প্রদান করা হয়। যুক্তরাজ্যে ১৯১৯ সালে এ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়।

Link copied!