বুধবার ১৬, সেপ্টেম্বর ২০২৬

বুধবার ১৬, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন মেসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

সংগৃহীত

 

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়টা এবার চূড়ান্ত। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখতে মেসিকে দলে রেখেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক ঘোষণায় মেসিকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করে এএফএ। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া জানান, মেসির সঙ্গে আলোচনা করেই তাকে বিদায়ী ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

 

তাপিয়া বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের আইকন ও অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানিয়েছি, যাতে ৬ অক্টোবর আর্জেন্টিনায় তিনি তার প্রাপ্য সম্মান নিয়ে বিদায় নিতে পারেন।’

 

মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনাও করেছে এএফএ। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে তাদের পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে। এর মাধ্যমে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে মেসি তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ মুহূর্তটি উদযাপন করবেন।

 

ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর প্রথমটি ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে দলটি।

 

সবশেষে ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে মেসির বিদায়ী আয়োজন হবে। এএফএ জানিয়েছে, এই ম্যাচে মেসির সঙ্গে থাকবেন রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসো।

 

গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ২০২৬ বিশ্বকাপের পর আর আর্জেন্টিনার জার্সিতে খেলবেন না বলে জানিয়েছিলেন তিনি। সেই ঘোষণার পর বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে তার আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ।

বিদায়ী ম্যাচের জন্য ঘোষিত দলে মেসির পাশাপাশি রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজের মতো তারকা ফুটবলাররা।

 

এসবি/

Link copied!