প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স (PESS) বিভাগে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে PESS CLUB-এর যাত্রা শুরু হয়েছে। চারটি বিশেষায়িত উইং নিয়ে গঠিত ক্লাবটির ২০২৬-২৭ কার্যবর্ষের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিভাগের চেয়ারম্যান ড. মোহা. মনিরুল হকসহ বিভাগের শিক্ষকদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩৫ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে বিভাগের শিক্ষক লেকচারার মো. রায়হান ইসলাম প্রধান উপদেষ্টা, মাস্টার্সের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় (২০২১-২২ শিক্ষাবর্ষ) সভাপতি এবং একই শিক্ষাবর্ষের মেহেদী হাসান সাধারণ সম্পাদক হয়েছেন।
কমিটির অন্যদের মধ্যে সহ-সভাপতি মো. রিদওয়ানুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আফসানা আক্তার আশা ও মনিরা খাতুন, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক লেকচারার জি. এম. জাকির হোসাইন, যুগ্ম অর্থ সম্পাদক আফ্রিদী হাসান শুভ, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আল আমিন ইসলাম, মিডিয়া ও প্রচার সম্পাদক জি. এম. নাঈম বিন খায়ের রয়েছেন।
চার বিশেষায়িত উইং
ক্লাবটির কার্যক্রম পরিচালিত হবে চারটি বিশেষায়িত উইংয়ের মাধ্যমে। এগুলো হলো—ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ, ক্যারিয়ার অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট এবং কম্পিউটার অ্যান্ড ডাটা অ্যানালাইসিস উইং।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইং শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা, পাবলিক স্পিকিং, একাডেমিক রাইটিং ও আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে। রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ উইং গবেষণাপদ্ধতি, গবেষণালেখা, ডাটা সংগ্রহ, উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ে সহায়তা দেবে।
ক্যারিয়ার অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট উইং ক্যারিয়ার পরিকল্পনা, সিভি ও সাক্ষাৎকার প্রস্তুতি, সফট স্কিল এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে। অন্যদিকে কম্পিউটার অ্যান্ড ডাটা অ্যানালাইসিস উইং কম্পিউটার দক্ষতা, ডাটা অ্যানালাইসিস ও গবেষণায় ব্যবহৃত সফটওয়্যার বিষয়ে প্রশিক্ষণ দেবে।
ক্লাব সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণা, ভাষা শিক্ষা, প্রযুক্তি ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম আয়োজন করা হবে।
ক্লাবের প্রধান উপদেষ্টা লেকচারার মো. রায়হান ইসলাম বলেন, ‘PESS Club শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন, সম্ভাবনা ও নেতৃত্বকে বাস্তবে রূপ দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এর বিশেষায়িত উইংগুলোর মাধ্যমে আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, সাহস ও নেতৃত্বে নিজেদের অনন্য করে তুলবে।’
প্রতিষ্ঠাকালীন সভাপতি ইয়াসিন আরাফাত বিজয় বলেন, ‘PESS CLUB কেবল একটি সংগঠন নয়; এটি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের জ্ঞান, গবেষণা, দক্ষতা ও নেতৃত্ব বিকাশের একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগ। চারটি বিশেষায়িত উইং শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, পেশাগত সক্ষমতা ও সৃজনশীল নেতৃত্ব গঠনে কার্যকর ভূমিকা রাখবে।’
সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘PESS Club আমাদের স্বপ্ন, সম্ভাবনা ও নেতৃত্বের এক নতুন ঠিকানা। আমরা শিক্ষাকে শুধু শ্রেণিকক্ষের সীমানায় সীমাবদ্ধ রাখতে চাই না; জ্ঞান, গবেষণা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে এর পরিধি আরও বিস্তৃত করতে চাই।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগের চেয়ারম্যান এ উদ্যোগ সম্পর্কে অবগত রয়েছেন। শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল ও নেতৃত্বগুণসম্পন্ন হিসেবে গড়ে তুলতে ক্লাবটি ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করবে।
