প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং উত্তরণের পথ নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল ‘বিদ্যুৎ, জ্বালানি পরিস্থিতি ও উত্তরণের পথ’।
ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস (সিইএল) আয়োজিত এ অনুষ্ঠানে নীতিনির্ধারক, জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিইএলের অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান ও ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. সুলতান হাফিজ রহমান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের বাংলাদেশবিষয়ক প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম। তিনি বলেন, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ। বর্তমানে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৯ হাজার ২৭ মেগাওয়াটে পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন।
দ্বিতীয় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহামেদুল করিম চৌধুরী। তিনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ লজিস্টিকস ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং বিকল্প জ্বালানি উৎসের গুরুত্ব তুলে ধরেন।
পরে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন বুয়েটের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, এমজেএল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী, এডিবির সিনিয়র এনার্জি অ্যাডভাইজর সিদ্দিক জোবায়ের, ওফানিক্স অ্যানালিটিকসের ফয়েজ আহমদ তৈয়্যব, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শাহরিয়ার আহমেদ চৌধুরী এবং ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক ড. সেবাস্টিয়ান গ্রোহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি মাতারবাড়ীতে স্থলভিত্তিক রিগ্যাসিফিকেশন ইউনিট স্থাপন এবং সমুদ্রের গ্যাস ব্লকে অনুসন্ধান কার্যক্রমসহ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী, সিইএলের পরিচালক ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
