বুধবার ০৯, সেপ্টেম্বর ২০২৬

বুধবার ০৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে সীরাত অলিম্পিয়াড

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স’ ও ‘সীরাত অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির উদ্যোগে পঞ্চমবারের মতো নুরে মুজাসসাম কনফারেন্স এবং প্রথমবারের মতো সীরাত অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

কুবি গাউসিয়া কমিটির প্রচার সম্পাদক আবরার আহমেদ আশরাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও আন-নুসরা ফাউন্ডেশনের পরিচালক শাইখ মুহাম্মাদ জয়নুল আবেদিন চৌধুরী আল-ক্বাদেরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদ্বেরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম, সহকারী প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক।

আয়োজনে হামদ ও নাতে রাসুল (সা.) পরিবেশনের পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, জীবন, আদর্শ, শিক্ষা ও কর্মময় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। মহানবী (সা.)-এর মর্যাদা ও আদর্শ অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের জীবন গঠনের বিভিন্ন দিকও তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের প্রসঙ্গ তুলে ধরে বক্তারা ক্যাম্পাসে র‍্যাগিং সংস্কৃতির সমালোচনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সীরাত অলিম্পিয়াডে মোট ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সেরা ১২ জনকে পুরস্কৃত করা হয়।

গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখার উপদেষ্টা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম বলেন, “ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের ক্ষুদ্র সামর্থ্যে নবী করীম (সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেছি। যারা আল্লাহর রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য অনুষ্ঠানে এসেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের শিক্ষার্থী এবং অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন হিসেবে শিক্ষার্থীদের খেদমতে কাজ করে যাব।”

কুবি গাউসিয়া কমিটি বাংলাদেশের শাখা সভাপতি সাইদুর রহমান বলেন, “হযরত মুহাম্মদ (সা.)-এর মিলাদের মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রাসুল (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরার উদ্দেশ্যে আজকের কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আমরা চাই শিক্ষার্থীদের মধ্যে রাসুল (সা.)-এর ভালোবাসা ও সীরাত অনুসরণের প্রতিযোগিতা শুরু হোক।”

Link copied!