বুধবার ০৯, সেপ্টেম্বর ২০২৬

বুধবার ০৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

খুবিতে ‘ফ্যাক্ট ফাইন্ডিং ১০১’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্পিতা

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘ফ্যাক্ট ফাইন্ডিং ১০১: অ্যান ইন্ট্রোডাকশন টু ওপেন-সোর্স ইনভেস্টিগেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির কম্পিউটার ল্যাবে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং দৃক ট্রাস্টের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সহকারী অধ্যাপক সারা মনামী হোসেন, ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ এবং দৃক ট্রাস্টের প্রতিনিধি সামিয়া রহমান প্রেমা উপস্থিত ছিলেন। গবেষক ও ওপেন-সোর্স ইনভেস্টিগেটর আপন দাস প্রশিক্ষণের মূল রিসোর্স পারসন হিসেবে দিনব্যাপী সেশন পরিচালনা করেন। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ১৫ জন ফেলো অংশ নেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণে ওপেন-সোর্স ইনভেস্টিগেশনের মৌলিক ধারণা, তথ্য যাচাই-বাছাই এবং ডিজিটাল অনুসন্ধানের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রথম সেশনে ওপেন-সোর্স ইনভেস্টিগেশনের ধারণা, তথ্যের সত্যতা যাচাইয়ের মানসিকতা এবং অ্যাডভান্সড সার্চ টেকনিক শেখানো হয়।

পরবর্তী সেশনে ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে রিভার্স ইমেজ সার্চ, ছবি ও ভিডিও ভেরিফিকেশন, জিওলোকেশন এবং স্যাটেলাইট ইমেজারি ব্যবহারের কৌশল শেখানো হয়। পাশাপাশি পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিশ্বস্ত তথ্য-উপাত্ত সংগ্রহ এবং অনুসন্ধানী সাংবাদিকতায় তা ব্যবহারের বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সহকারী অধ্যাপক সারা মনামী হোসেন, বলেন, “ডিজিটাল যুগে সাংবাদিকতা ও গবেষণার ক্ষেত্রে ওপেন-সোর্স ইনভেস্টিগেশনের গুরুত্ব দিন দিন বাড়ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা সত্য অনুসন্ধানের কৌশল প্রয়োগের পাশাপাশি কাজের ক্ষেত্রে সঠিক নৈতিকতা ও নিরাপত্তা বজায় রাখার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা পেয়েছে, যা তাদের পেশাগত দক্ষতায় নতুন মাত্রা যোগ করবে।”

প্রশিক্ষণে অংশ নেওয়া ফেলো সানজিদা আক্তার বলেন, “বর্তমান সময়ে ভুয়া তথ্য ও গুজবের ভিড়ে সঠিক তথ্য খুঁজে বের করা বেশ চ্যালেঞ্জিং। এই সেশন থেকে আমরা রিভার্স ইমেজ সার্চ, জিওলোকেশন এবং স্যাটেলাইট ইমেজারির মতো আধুনিক ওপেন-সোর্স টুলস ব্যবহার করে সত্য উদঘাটনের ব্যবহারিক কৌশল শিখতে পেরেছি, যা আমাদের অনুসন্ধানী কাজে অনেক বড় ভূমিকা রাখবে।”

দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী পর্বে ফেলোদের দলগত কাজের ফলাফল উপস্থাপন করা হয়। পরে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘটে।

Link copied!