প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ‘সাকু ছাত্র কল্যাণ বৃত্তি-২০২৬’ প্রদান করা হয়েছে। আজ ২৮ আগস্ট (শুক্রবার) বিকালে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনা বিশ্ববিদ্যালয় (সাকু) আয়োজিত অনুষ্ঠানে ডিসিপ্লিনের পাঁচ ব্যাচের পাঁচ শিক্ষার্থীর হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জাবের হোসেন এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাফায়েত হোসেন ইমন। এছাড়াও বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তাকদিউর রহমান মুকুট।
অতিথিরা বলেন, এ বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, বরং ছোটদের প্রতি বড়দের সহানুভূতি, ভালোবাসা ও স্নেহের বহিঃপ্রকাশ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও তাদের সফলতার মাধ্যমে বড়দের এই ভালোবাসার প্রতিদান দিতে হবে। এর মাধ্যমে ডিসিপ্লিনের শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন সুনামের সঙ্গে সামনে এগিয়ে যাবে।
