শনিবার ২৯, আগস্ট ২০২৬

শনিবার ২৯, আগস্ট ২০২৬ -- : -- --

চবিতে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ,ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চবি থেকে মোতাহের উদ্দীন

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১১:৫৫ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘নেচার ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে গ্রীন ভয়েস চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক আহমেদ হানিফ, গ্রীন ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অনিক সরকার, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানের প্রথম পর্বে ‘নেচার ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন শাহ মো. শহীদুল ইসলাম শাহী, দ্বিতীয় অর্ণব কুমার দাস এবং তৃতীয় স্থান অর্জন করেন তারেকুল ইসলাম।
 
আয়োজকরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও প্রকৃতির বৈচিত্র্য আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
পুরস্কার বিতরণ শেষে সেন্ট্রাল ফিল্ড সংলগ্ন পাহাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
 
গ্রীন ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অনিক সরকার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি ক্যাম্পাসকে আরও সবুজ ও টেকসই করে তোলাই তাদের মূল লক্ষ্য। দেশীয় ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষ রোপণের মাধ্যমে পাখি, প্রাণী, মানুষ ও পরিবেশের জন্য ভারসাম্যপূর্ণ প্রতিবেশ গড়ে তুলতে চান তারা।
 
তিনি বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের দীর্ঘমেয়াদি পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে। সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আরও সবুজ, জীববৈচিত্র্যসমৃদ্ধ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা সম্ভব।
Link copied!