শনিবার ২৯, আগস্ট ২০২৬

শনিবার ২৯, আগস্ট ২০২৬ -- : -- --

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাবিতে ‘পোস্টারিয়াম ২০২৬’

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা ‘পোস্টারিয়াম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবের (আরইউইসি) আয়োজনে বুধবার (২৭ আগস্ট) দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ৪২টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উদ্বোধনী পর্বের মাধ্যমে আয়োজন শুরু হয়। পরে সিনেট ভবনের পাশের বুদ্ধিজীবী চত্বরে দুই পর্বে পোস্টার উপস্থাপন ও বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা গবেষণা, উদ্ভাবনী ধারণা ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে তাঁদের কাজ পোস্টারের মাধ্যমে তুলে ধরেন। বিচারকেরা তাঁদের উপস্থাপনা ও গবেষণা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামাল পাশা, ফার্মেসি বিভাগের অধ্যাপক আজিজুর রহমান শামীম এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ এফ এম মির্জা রাশেদুল হাসান ছিলেন।

প্রতিযোগিতায় চারটি বিভাগে বিজয়ীদের নির্বাচিত করা হয়। Science, Health & Sustainable Technologies বিভাগে প্রথম হয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মো. মাসুদ আবদুল্লাহ আল-রাজী। দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. রাকিবুল হাসান রাজু এবং তৃতীয় খুলনা বিশ্ববিদ্যালয়ের শবনম মোস্তারি।

Advanced Engineering & Smart Systems বিভাগে প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েদ আহমেদ শান্ত। একই বিশ্ববিদ্যালয়ের রাকিবুল ইসলাম দ্বিতীয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মো. জিহাদুল ইসলাম তৃতীয় হয়েছেন।

Social Dynamics, Humanities & Open Research বিভাগে প্রথম হয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাফি কামাল। দ্বিতীয় হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. শাদিন এবং তৃতীয় হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাসনিম তাবাসসুম অন্ত।

Open Canvas বিভাগে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইনস্টন রুয়েল। দ্বিতীয় হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হক এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মো. আবু সায়েম।

বিকেলে সিনেট ভবনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইউনিডো) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলমগীর হোসাইন। বক্তব্যে তিনি গবেষণা, উদ্ভাবন, শিল্পোন্নয়ন ও টেকসই উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরও সনদ দেওয়া হয়।

আয়োজকেরা জানান, ‘Advancing Sustainable Development and Innovation through Multidisciplinary Research’ প্রতিপাদ্যে এবারের ‘পোস্টারিয়াম’ আয়োজন করা হয়েছে। গবেষণা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের সঙ্গে তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং তাঁদের গবেষণা উপস্থাপনের জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

Link copied!