শনিবার ২৯, আগস্ট ২০২৬

শনিবার ২৯, আগস্ট ২০২৬ -- : -- --

রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক এ এস এম শফিকুর রহমানের মৃত্যু

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ এস এম শফিকুর রহমান মারা গেছেন। আজ শুক্রবার সকাল ছয়টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অধ্যাপক এ এস এম শফিকুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। এক শোকবার্তায় তাঁরা বিশ্ববিদ্যালয়ে মরহুমের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আজ বাদ আসর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব নগরের হেতম খাঁ গোরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এ এস এম শফিকুর রহমান ১৯৮১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১৯ সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্র ছিল কীটতত্ত্ব (এনটোমোলজি), জৈব উপাদান স্ক্রিনিং ও ফলিত প্রাণিবিদ্যা (অ্যাপ্লাইড জুলজি)।

তিনি প্রাণিবিদ্যা বিভাগের সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তাঁর বেশ কিছু গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে প্রকাশিত গবেষণা সাময়িকী University Journal of Zoology, Rajshahi University (UJZRU)–এর সম্পাদক ও সম্পাদকীয় বোর্ডের সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

Link copied!