শুক্রবার ২১, আগস্ট ২০২৬

শুক্রবার ২১, আগস্ট ২০২৬ -- : -- --

আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল’

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৯:৫০ পিএম

ঢাকার সদরঘাটে মাঝিদের জীবনযাপনের গল্প তুলে ধরা ইশতিয়াক আহমেদ শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল’ আলোকচিত্র। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবনের তোলা ‘ফ্লোটিং সারভাইভাল’ শীর্ষক আলোকচিত্র আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ডেকাগন গ্যালারির আয়োজনে ‘ওভারকামিং হোয়াট রিমেইনস স্ট্যান্ডিং ২০২৬’ প্রতিযোগিতায় ছবিটি সেকেন্ড প্লেস নির্বাচিত হয়েছে।

এ অর্জনের জন্য পুরস্কার হিসেবে ২৫০ মার্কিন ডলার পেয়েছেন শ্রাবন। পাশাপাশি তাঁর আলোকচিত্রটি প্রতিযোগিতার আন্তর্জাতিক প্রদর্শনীতেও স্থান পেয়েছে।

ঢাকার সদরঘাটে ছবিটি ধারণ করেন শ্রাবন। আলোকচিত্রটিতে দেখা যায়, কয়েকজন মাঝি সারাদিন নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কাজ শেষে তাঁদের অনেকের বাড়ি ফেরার সুযোগ থাকে না। যে নৌকায় তাঁরা সারাদিন কাজ করেন, অনেক সময় সেখানেই রাত কাটান। কর্মস্থল, জীবিকার মাধ্যম ও আশ্রয় একটি নৌকাকে ঘিরে মাঝিদের এমন জীবনযাপনের গল্পই ছবিটিতে তুলে ধরেছেন তিনি।

প্রতিযোগিতাটির মূল প্রতিপাদ্য ছিল প্রতিকূলতা, সংগ্রাম ও সংকটের মধ্যেও মানুষের টিকে থাকার গল্প তুলে ধরা। বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় সারভাইভাল, রেজিলিয়েন্স ও হার্ডশিপের নানা বাস্তবতা আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।

এ প্রতিযোগিতায় ইরান, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, নেদারল্যান্ডস, রাশিয়া, জার্মানি, ব্রাজিল ও ভারতের আলোকচিত্রীরা অংশ নেন। তাঁদের সঙ্গে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান অর্জন করেন ইশতিয়াক আহমেদ শ্রাবন।

আন্তর্জাতিক এ স্বীকৃতির অনুভূতি জানিয়ে ইশতিয়াক আহমেদ শ্রাবন বলেন, “বিশ্ব আলোকচিত্র দিবসের পরদিন এমন একটি আন্তর্জাতিক অর্জনের খবর পাওয়া সত্যিই আনন্দের ও অনুপ্রেরণার। এ স্বীকৃতি আমার কাজের প্রতি আগ্রহ ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আমি সবসময়ই ছবির মাধ্যমে মানুষের গল্প বলার চেষ্টা করি। সেই গল্পের সন্ধানে পথে-প্রান্তরে ছুটে চলি, মানুষের কাছে যাই, তাদের জীবনযাপন দেখি এবং বাস্তবতার নানা দিক ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি। এ অর্জন ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

উল্লেখ্য, ইশতিয়াক আহমেদ শ্রাবন ফ্রিল্যান্স ফটোজার্নালিস্ট ও ডকুমেন্টারি ফটোগ্রাফার হিসেবে কাজ করার পাশাপাশি ফোটোটুরবাংলা ডটকম (Phototourbangla.com) পরিচালনা করছেন। এর আগে তাঁর আলোকচিত্র আন্তর্জাতিক পর্যায়ে আরও ৮টি পুরস্কার অর্জন করেছে।

Link copied!