জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম
বুধবার ০৭, অক্টোবর ২০২৬ -- : -- --
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন শিক্ষার্থীদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বাবদ্যালয়ে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Pathways to Higher Education in Foreign Countries’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ( ৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের HEAT (Higher Education Acceleration and Transformation) সাব-প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের মেধা বিশ্বমানের। অধিকাংশ শিক্ষার্থীই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হলেও সঠিক তথ্য ও দিকনির্দেশনার অভাবে অনেকে সেই সুযোগ কাজে লাগাতে পারে না। বিশ্বজুড়ে প্রভূত স্কলারশিপের সুযোগ রয়েছে। লক্ষ্য নির্ধারণ করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় শিক্ষকদের সাথে যোগাযোগ রেখে এগোলে সফলতা আসবে।”
বিদেশে শিক্ষা গ্রহণ শেষে অর্জিত মেধা ও জ্ঞানকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, “অনেক মেধাবী তরুণ উচ্চশিক্ষা শেষে আর দেশে ফিরতে চায় না। আমি আহ্বান জানাবো, তোমরা বিদেশে স্কলারশিপ নিয়ে পড়ালেখা শেষ করে দেশে ফিরে আসবে এবং দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।”
উদ্বোধনী পর্ব শেষে বিভাগের ২৩ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন তিন হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন শিক্ষার্থীদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন।
ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন ও হিট প্রজেক্টের এএসপিএম প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হিট প্রজেক্টের সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) ড. মো. শফিকুল ইসলাম।
কর্মশালায় মূল রিসোর্স পার্সন হিসেবে বিষয়ভিত্তিক কারিগরি সেশন পরিচালনা করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট-এর সহকারী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। সেশনে তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ পাওয়ার কৌশল এবং প্রোফাইল বিল্ডিং নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।