বুধবার ০৭, অক্টোবর ২০২৬

বুধবার ০৭, অক্টোবর ২০২৬ -- : -- --

রাবিপ্রবিতে আন্তঃবিভাগ হ্যান্ডবলের ফাইনাল অনুষ্ঠিত

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পিএম

সংগৃহীত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) আন্তঃবিভাগীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় পুরুষ ও নারী—দুই বিভাগেই কোনো একক চ্যাম্পিয়ন নির্ধারিত হয়নি। পুরুষ বিভাগে ম্যানেজমেন্ট ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নারী বিভাগে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) ও ম্যানেজমেন্ট বিভাগ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হয় ম্যানেজমেন্ট ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে সমতা থাকায় দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

একই দিনে বিকেল ৪টায় অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে মুখোমুখি হয় এফইএস ও ম্যানেজমেন্ট বিভাগ। নির্ধারিত ৩০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে পারেনি। পরে ফল নির্ধারণে অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হলেও গোলশূন্য থাকে ম্যাচ। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে দুই দলই একটি করে গোল করায় ম্যাচ ১-১ গোলে সমতায় শেষ হয়। ফলে এফইএস ও ম্যানেজমেন্ট বিভাগকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

দুই ফাইনালকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে শিক্ষার্থীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।  গোল না হলেও পুরো সময়জুড়ে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও রেজিস্ট্রার ড. মোহাম্মদ জুনায়েদ কবির। এছাড়া এফইএস বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, বিভাগের প্রভাষক মো. আরিফুল ইসলাম, মো. ছায়েদুল আমিন ও ইসরাত জাহান সোনমসহ সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য উভয় বিভাগের খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। সীমিত সম্পদের মধ্যেও বিশ্ববিদ্যালয়ে আরও বেশি আউটডোর খেলাধুলার আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

পরে উৎসবমুখর পরিবেশে যৌথ চ্যাম্পিয়ন দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে আন্তঃবিভাগীয় হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

Link copied!