প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সচেতন সমাজ, নিরাপদ মাদার্শা’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে মাদার্শা উন্নয়ন কমিটি।
মাদার্শা উন্নয়ন কমিটির আহ্বায়ক নূরুল আলম মফিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ, পিপিএম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এএসপি কাজী মো. তারেক আজিজ বলেন, মাদক নির্মূল ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় সমাজকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, হাটহাজারীতে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছে। অপরাধ প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা ও সঠিক সময়ে তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশকে তথ্য ও সহযোগিতা করা হলে সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইব্রাহিম, মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপাল চন্দ্র শীল, মাদার্শা উন্নয়ন কমিটির সদস্য সচিব ফয়জুল আলিম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান টিটু, ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের সচিব কাজী বখতেয়ার উদ্দীন, মাদার্শা ক্রিসেন্ট ক্লাবের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন বাদল, উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল আলম মেম্বার, সিনিয়র সদস্য ও সাংবাদিক জাহেদ মনজু, ইউপি সদস্য কাজী আবু তালেব, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন চৌধুরী, জাসাস নেতা খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক ফয়েজ উল্লাহ চৌধুরী, তরুণ ছাত্রনেতা ও ব্যবসায়ী জাহেদ, কৃষক দল নেতা মোজাহের, সিএনজি সমিতির পক্ষে মো. রাশেদ এবং তরুণ ছাত্রনেতা আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সভায় উপস্থিত ছিলেন না।
সভায় মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি নজরদারি বাড়ানো এবং স্থানীয়দের অপরাধের তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়।
সভায় ‘সচেতন সমাজ, নিরাপদ মাদার্শা’ এই মূলসুরকে সামনে রেখে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত মাদার্শা গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
