বুধবার ০৭, অক্টোবর ২০২৬

বুধবার ০৭, অক্টোবর ২০২৬ -- : -- --

দেশে ৪৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত হচ্ছে - যুব ক্রীড়া প্রতিমন্ত্রী

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১২:১১ এএম

সংগৃহীত

 

দেশে ক্রীড়া সংস্কৃতিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ এবং মোট ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করার মেগা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

 

তিনি বলেন, একটি মানবিক বাংলাদেশ গঠনে ক্রীড়া সংস্কৃতির কোনো বিকল্প নেই। সরকারের লক্ষ্য কেবল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে বছরব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে উদীয়মান প্রতিভা গড়ে তোলা।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্কুল মাঠে 'শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমি' এবং খেলোয়াড়দের সুবিধার্থে নবনির্মিত ড্রেসিং রুমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া স্কুল মাঠের সংস্কার কাজ পরিদর্শন করেন এবং স্মারক হিসেবে দুটি বৃক্ষরোপণ করেন।

 

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, শ্রীমঙ্গল রেলওয়ে খেলার মাঠসহ দেশের যেখানেই খেলার মাঠ অবৈধভাবে দখল করে রাখা হয়েছে, তার সবই উদ্ধার করা হবে। এসময় তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বেদখলকৃত মাঠ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

তিনি আরও জানান, জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে। জেলা স্টেডিয়ামগুলোতে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলার সুযোগ তৈরি করা হবে। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ সরফু, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আব্দুল ওয়াহিদ রাজু, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এবং উপজেলা বিএনপি নেতা মো. তাজ উদ্দিন তাজিসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও নেতৃবৃন্দ।

 

পরে বেলা আড়াইটায় শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্টে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা ও জয়েন্ট স্পোর্টস কাউন্সিলের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

রাজন হোসেন তৌফিক, মৌলভীবাজার 

 

৬ অক্টোবর ২০২৬

Link copied!