ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম
বৃহস্পতিবার ২০, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
“অ্যাকাডেমিক জ্ঞান এবং পেশাদার অনুশীলনের মধ্যে সমন্বয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ঝিনাইদাহ ক্যাম্পাসের অবস্থিত ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের (৭ম ব্যাচ) শিক্ষার্থীদের “ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৬” এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ আগস্ট, ২০২৬ যবিপ্রবি ভেটেরিনারি মেডিসিন অনুষদের নিজস্ব অডিটোরিয়ামে এই আড়ম্বরপূর্ণ ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইন্টার্নশিপ প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যমূলক এবং বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দিয়ে পেশাগত জীবনে এই ইন্টার্নশিপের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান কে সাথে নিয়ে যবিপ্রবি উপাচার্য ঝিনাইদাহ ক্যাম্পাসে দুইটি বৃক্ষ রোপণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য, জমকালো এই অনুষ্ঠান আয়োজন করার জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি তাঁর বক্তব্যে ইন্টার্নশিপ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘তোমাদেরকে বলি তোমরা পরিশ্রম করবে। পরিশ্রমের বিকল্প বা সংক্ষিপ্ত পথ বলে কিছু নাই। যেকোনো পথেই যাও না কেনো, ওখানে তোমাদের পরিশ্রম করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। বক্তারা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে মাঠে ও ল্যাবরেটরিতে সঠিকভাবে প্রয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতি ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন তাঁর সমাপনী বক্তব্যে ইন্টার্ন শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং অনুষদের এই অগ্রযাত্রায় সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বক্তব্য প্রদান করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক ডা. মোঃ আব্দুল জলিল ও ডা. মো. শরিফুজ্জামান। ইন্টার্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন এ কে এম মোকতাদিরু ও তাসনিয়া সরোয়ার।
অনুষ্ঠানে ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিসিন, সার্জারি অ্যান্ড থেরিওজেনোলোজি বিভাগের শিক্ষক ডা. মো. আব্দুস সামাদ।