বৃহস্পতিবার ২০, আগস্ট ২০২৬

বৃহস্পতিবার ২০, আগস্ট ২০২৬ -- : -- --

ডুয়েট ডে: শিক্ষার্থীদের সেরা উদ্ভাবন ও অর্জন খুঁজছে প্রশাসন

রাকিব হাসান,ডুয়েট থেকে

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০১:৫৫ পিএম

ফাইল ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ডুয়েট ডে-২০২৬-এ শিক্ষার্থীদের উদ্ভাবন, গবেষণা, প্রজেক্ট ও উল্লেখযোগ্য অর্জন তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডুয়েট ডে উপলক্ষে আগত অতিথিদের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা, গবেষণা ও প্রজেক্টভিত্তিক অর্জন তুলে ধরার লক্ষ্যে প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অর্জন, উদ্ভাবন ও প্রজেক্টসহ বিভিন্ন সৃজনশীল কাজ প্রদর্শন করা হবে।

এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অর্জন, উদ্ভাবন ও প্রজেক্টের তথ্য সংগ্রহ করে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

নোটিশ অনুযায়ী, শিক্ষার্থীদের নাম, স্টুডেন্ট আইডি, শিক্ষাবর্ষ, বিভাগ, মোবাইল নম্বর এবং অর্জন/উদ্ভাবন/প্রজেক্টের সংক্ষিপ্ত বিবরণ সংগ্রহ করা হবে। পাশাপাশি প্রদর্শনের উপযোগী প্রয়োজনীয় ডকুমেন্ট ও প্রদর্শনী সামগ্রীও জমা দিতে বলা হয়েছে।

আগামী ২৪ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে এসব তথ্য ও সামগ্রী বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের ১০ম তলায় অবস্থিত পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে ডুয়েটের শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ড অতিথিদের সামনে তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত ও একাডেমিক সক্ষমতাও উপস্থাপনের সুযোগ তৈরি হবে।

Link copied!