প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার মেট অতসী সরকার গুরুতর আহত হয়েছেন। আন্তর্জাতিক নাট্যোৎসবে নাটক পরিবেশনকালে তাঁর ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন হওয়ায় তাঁর চিকিৎসায় দুই লাখ টাকার বেশি প্রয়োজন।
অতসীর চিকিৎসায় সহায়তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। বিভাগের আয়োজনে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সহযোগিতায় নাটক ‘লোয়ার ডেপথ’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আগামী ২৪ ও ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের নাট্য ল্যাবে নাটকটির চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ২৪ আগস্ট দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় এবং ২৫ আগস্ট দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শনী হবে। প্রদর্শনী থেকে সংগৃহীত অর্থের পুরোটাই অতসীর চিকিৎসা তহবিলে দেওয়া হবে।
নাট্যকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিব বলেন, ‘অতসী আমার বন্ধু, কারও বড় বোন, আবার কারও ছোট বোন। সে রোভার স্কাউটেরও একজন সদস্য। যে মানুষটি বিভিন্ন সময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে, বিপদের সময় তার পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে এই নাট্য প্রদর্শনীতে যুক্ত হয়ে অতসীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন—এটাই প্রত্যাশা।’
নাট্যকলা বিভাগের শিক্ষক সৈয়দ মামুন রেজা বলেন, ‘একটি পরিবারের পক্ষে হঠাৎ করে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা সহজ নয়। তাই নিয়মিত শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য বিভাগের সঙ্গে আলোচনা করে আমরা এই প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছি। এ কার্যক্রমে রোভার স্কাউটও যুক্ত হয়েছে।’
একজন প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নাট্য প্রদর্শনীতে অংশ নিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। একই সঙ্গে অতসীর দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট বিভাগ।
