প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৮:১০ এএম
ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ডা. এসএম খালিদুজ্জামান, ড. মির্জা গালিব ও মুফতি আলী হাসান উসামার মধ্যে পাল্টাপাল্টি মন্তব্যের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির নেতাকর্মী ও অনুসারীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে।চলছে মন্তব্যের ঝড়।
ঘটনার সূত্রপাত ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেই এবার প্রমাণ হবে কোন দল মুক্তিযুদ্ধের পক্ষে আর কোন দল মুক্তিযুদ্ধের বিপক্ষে।’
পোস্টটি যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব শেয়ার করে মন্তব্য করেন, ‘এইগুলো তৃতীয় শ্রেণীর সস্তা রাজনীতি......’
এরপর মির্জা গালিবের ওই মন্তব্যের জবাবে পাল্টা পোস্ট দেন ডা. এসএম খালিদুজ্জামান। সেখানে তিনি মির্জা গালিবের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লেখেন, ‘মির্জা গালিবের মতো তথাকথিত প্রথম শ্রেণির রাজনীতিবিদ আর সুশীলরাই সুশীলতা দিয়ে দেশকে ধ্বংস করেছে।’
একই পোস্টে তিনি প্রশ্ন করেন, ‘৫ আগস্টের পরে আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে কিছু ফেসবুক পোস্ট ছাড়া আর কোন ভূমিকা আছে তার?’
দুই নেতার পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যেই বিষয়টি নিয়ে আলোচনায় আসেন জামায়াতের নবীন সদস্য ও ইসলামী আলোচক মুফতি আলী হাসান উসামা। ডা. খালিদুজ্জামানের পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘ইন্না-লিল্লাহ! এসব কাদা ছোড়াছুড়ি কোনোভাবে কাম্য নয়। মানানসইও নয়। দুঃখজনক।’
আলী হাসান উসামার এই মন্তব্যের পর পোস্টটির মন্তব্যের ঘরে আরও অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানান। ফলে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াতের তিন নেতার প্রকাশ্য মন্তব্য-পাল্টা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
