প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০২:১৪ পিএম
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এবং চীনের ঝেজিয়াং সায়েন্স-টেক ইউনিভার্সিটির (জেডএসটিইউ) স্কুল অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (এসএফডিই) মধ্যে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) মাধ্যমে এ সহযোগিতামূলক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব খোরশেদ আলম, নিটারের পরিচালক ড. মোঃ আশেকুল আলম রানা, ঝেজিয়াং সায়েন্স-টেক ইউনিভার্সিটির স্কুল অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস ডিন প্রফেসর জু কিউঝি (Professor Xu Qiuzhi) এবং চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের উপপরিচালক ড. ডং ওয়েনজু (Dr. Dong Wenzu)।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিনিময় কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা ও গবেষণাপত্র প্রকাশ, সেমিনার ও বিভিন্ন একাডেমিক সভায় অংশগ্রহণ এবং একাডেমিক উপকরণ ও তথ্য বিনিময়ের ক্ষেত্রেও সহযোগিতার সুযোগ থাকবে।
এছাড়া স্বল্পমেয়াদি একাডেমিক ও পেশাগত কর্মসূচি আয়োজন, যৌথ গবেষণাগার ও ব্যবহারিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা এবং উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক আগ্রহের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ও সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সমঝোতা অনুযায়ী, সর্বশেষ স্বাক্ষরের তারিখ থেকে পাঁচ বছর কার্যকর থাকবে চুক্তিটি। তবে উভয় পক্ষের পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে এর মেয়াদ সংশোধন বা বর্ধিত করার সুযোগ রাখা হয়েছে।
