প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম
টেক্সটাইল ও অ্যাপারেল খাতের শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেক্সটাইল অলিম্পিয়াড সিজন ৫’। জেটিইসি ক্যারিয়ার ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে টেক্স মিডিয়া।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের টেক্সটাইল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এ আয়োজনের মাধ্যমে টেক্সটাইল নলেজের পাশাপাশি সমস্যা সমাধান, সমালোচনামূলক চিন্তাভাবনা, যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস যাচাইয়ের সুযোগ তৈরি হবে।
আয়োজকদের মতে, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একজন টেক্সটাইল গ্র্যাজুয়েটের জন্য শুধু একাডেমিক ফলাফল বা সিজিপিএ যথেষ্ট নয়। ইন্ডাস্ট্রি-রেডি পেশাজীবী হিসেবে নিজেকে প্রস্তুত করতে বাস্তব সমস্যা বিশ্লেষণ, কার্যকর সমাধান তৈরি, নিজের চিন্তা উপস্থাপন এবং আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার সক্ষমতাও প্রয়োজন। এসব বিষয়কে সামনে রেখেই সাজানো হয়েছে এবারের টেক্সটাইল অলিম্পিয়াড।
তিনটি পৃথক সেগমেন্টে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা—‘টেক্সটাইল ব্রেইন ব্যাটল’, ‘কেস স্টাডি’ ও ‘আলটিমেট ভয়েস’।
‘টেক্সটাইল ব্রেইন ব্যাটল’ পর্বে টেক্সটাইল ও অ্যাপারেল ইন্ডাস্ট্রি-সংক্রান্ত জ্ঞান যাচাই করা হবে। প্রথম ধাপে অনলাইনে ৬০টি বহুনির্বাচনী প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলাফলের ভিত্তিতে সেরা ২৫ জন প্রতিযোগী সুযোগ পাবেন ফাইনাল রাউন্ডে। সেখানে লিখিত ও বহুনির্বাচনী পরীক্ষার মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। এ পর্বের সেরা পাঁচজন পাবেন প্রাইজ মানি, পুরস্কার ও সনদ।
অন্যদিকে ‘কেস স্টাডি’ সেগমেন্টে বাস্তব আরএমজি ইন্ডাস্ট্রির সমস্যা বিশ্লেষণ ও কার্যকর সমাধান উপস্থাপনের দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে। রেজিস্ট্রেশন শেষে প্রতিযোগীদের ই-মেইলের মাধ্যমে একটি বাস্তবভিত্তিক আরএমজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ দেওয়া হবে। দলগতভাবে সমস্যাটি বিশ্লেষণ করে সমাধান প্রস্তুত করতে হবে অংশগ্রহণকারীদের। অনলাইন প্রেজেন্টেশন রাউন্ড থেকে নির্বাচিত হবে সেরা ২৫টি দল। পরবর্তী ধাপে সেরা আটটি দল জেটিইসি ক্যাম্পাসে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে নিজেদের সমাধান উপস্থাপন করবে। এ সেগমেন্টের সেরা তিনটি দল পাবে প্রাইজ মানি, পুরস্কার ও সনদ।
যোগাযোগ দক্ষতা, সমালোচনামূলক চিন্তাভাবনা, তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও আত্মবিশ্বাস যাচাই করা হবে ‘আলটিমেট ভয়েস’ সেগমেন্টে। রেজিস্ট্রেশনের পর প্রতিযোগীদের একটি নির্ধারিত বিষয় ই-মেইলের মাধ্যমে জানানো হবে। সেই বিষয়ের ওপর ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে অনলাইন রাউন্ডে জমা দিতে হবে। সেখান থেকে সেরা ১০ জন বক্তা নির্বাচিত হবেন লাইভ ফাইনালের জন্য। চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের একটি তাৎক্ষণিক বিষয় দেওয়া হবে এবং মঞ্চে দাঁড়িয়ে সেটির ওপর বক্তব্য উপস্থাপন করতে হবে। এ পর্বের সেরা তিনজন বক্তার জন্য থাকছে প্রাইজ মানি, পুরস্কার ও সনদ।
আয়োজকদের প্রত্যাশা, ‘টেক্সটাইল অলিম্পিয়াড সিজন ৫’ শিক্ষার্থীদের নিজেদের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি নতুন জ্ঞান অর্জন ও জাতীয় পর্যায়ে দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে প্রতিযোগিতাটি টেক্সটাইল শিক্ষার্থীদের শিল্পখাতের উপযোগী পেশাজীবী হিসেবে গড়ে তুলতেও ভূমিকা রাখবে।
জেটিইসি ক্যারিয়ার ক্লাব জানিয়েছে, টেক্সটাইল অলিম্পিয়াড সিজন ৫-এর রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা নিজেদের পছন্দের সেগমেন্ট নির্বাচন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
