প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাপানি ভাষা শিক্ষা কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শিগগিরই এ কোর্স চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা, প্লেসমেন্ট, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে সফররত একটি জাপানি প্রতিনিধিদলের সঙ্গে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানি ভাষা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে রাবির শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা গ্রহণ, প্লেসমেন্ট ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের সম্ভাবনাও বাড়বে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, ভাষা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তোলা সম্ভব হবে। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, রাবি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষা কোর্স চালু করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জাপানি প্রতিনিধিদলে ছিলেন জেনমিরাই জাপান কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাওয়ামোটো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিং বার্ডের পরিচালক ইউতা সিগেমরি এবং ওয়েস্ট ওকাইয়ামা মেডিকেল ক্লিনিকের নির্বাহী পরিচালক সেইজি ইসিমোটো।
এ ছাড়া মতবিনিময়ে উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক অধ্যাপক এম মোস্তফা কামাল, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক মো. নূরুল মোমেন এবং আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. হাসনাত কবীরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরে উপাচার্য জাপানি প্রতিনিধিদলের সদস্যদের স্মারক উপহার দেন।
