সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত 

গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৮:৪৪ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে “আদিবাসী ধাত্রীদের সম্মাননা: জীবন ও কল্যাণের সুরক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বৈচিত্র্যের সম্প্রীতি: আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।

রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, অধিকার, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং উচ্চশিক্ষায় তাদের অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় আদিবাসী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে নানা প্রতিবন্ধকতার বিষয়ও উঠে আসে। বিশেষ করে দূরবর্তী পাহাড়ি অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াতসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন বক্তারা।

এসময় গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি ইয়াছিন আল মৃদুল দেওয়ান বলেন, “আদিবাসী শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমাদের আরও অনেক কিছু করার আছে। গণ বিশ্ববিদ্যালয়ে অর্ধশতাধিক আদিবাসী শিক্ষার্থী পড়াশোনা করছেন। নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে তারা এখানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। আমি আশা করব, বিশ্ববিদ্যালয় তাদের যথাযথ মূল্যায়ন করবে এবং পড়াশোনায় আরও উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”

গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান শাহ আলম বলেন, “পাহাড় থেকে যেসব শিক্ষার্থী এখানে পড়তে আসে, তাদের অনেক কষ্ট করে আসতে হয়। যাতায়াতসহ নানা সমস্যা অতিক্রম করেই তারা উচ্চশিক্ষার জন্য এখানে পৌঁছায়। গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। এসব সুবিধা কাজে লাগিয়ে আরও বেশি আদিবাসী শিক্ষার্থী যেন বিভিন্ন বিভাগে ভর্তি হতে পারে এবং তাদের প্রতিভা বিকাশে বিশ্ববিদ্যালয় সব ধরনের সুযোগ নিশ্চিত করে-এটাই আমার প্রত্যাশা।” বক্তব্যের শেষে তিনি সবাইকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা জানান।

স্বাগত বক্তব্যে সংগঠনটির সভাপতি অভিজিৎ চাকমা বলেন, “আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এই বৈচিত্র্যকে সংরক্ষণ ও সবার সামনে তুলে ধরাই আমাদের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিশ্ববিদ্যালয় যেন সব জাতিগোষ্ঠীর শিক্ষার্থীর জন্য সমান সুযোগের জায়গা হয়ে ওঠে, সেটিই আমাদের প্রত্যাশা। উচ্চশিক্ষায় আদিবাসী শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। পাশাপাশি নিজস্ব ভাষা ও সংস্কৃতি চর্চার সুযোগও নিশ্চিত করতে হবে। পারস্পরিক সম্মান ও সম্প্রীতির মধ্য দিয়েই আমরা একটি বৈচিত্র্যময় সমাজ গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কনক চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়টির ছাত্র উপদেষ্ঠা ও মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান শাহ আলম, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের  (গকসু) সহ-সভাপতি ইয়াছিন আল মৃদুল দেওয়ান বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। 

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গণ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা নিজ নিজ জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান, নৃত্য, ভাষা ও সংস্কৃতির নানা অনুষঙ্গ পরিবেশন করেন।

Link copied!