সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

‘জুলাই গণঅভ্যুত্থান’ ডকুমেন্টারি প্রতিযোগিতায় দ্বিতীয় ইনসান আলী

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৮:১৭ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ শর্টফিল্ম ও ডকুমেন্টারি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইনসান আলী।

রোববার বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইনসান আলীর হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। রাকসুর মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ইনসান আলী ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর ৪ ও ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে সাত মিনিটের একটি ডকুমেন্টারি নির্মাণ করেন। এতে আন্দোলনের শেষ পর্যায়ের বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে।

ইনসান আলী বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকতার পেশায় থাকায় ২০২৪ সালের জুলাই আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত কাছ থেকে দেখেছি। ছাত্র-জনতার দাবি, ক্ষোভ, আনন্দ ও দুঃখের অনেক ঘটনা প্রত্যক্ষ করেছি। আন্দোলনের শেষ দিনগুলোতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক বাধারও মুখোমুখি হতে হয়েছে।’

তিনি বলেন, নিজের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ দিয়ে আন্দোলনের ঘটনাগুলো নিয়ে ‘WITNESS24’ নামে একটি ডকুমেন্টারি তৈরির পরিকল্পনা ছিল। তবে সেটির প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। পরে রাকসুর আয়োজিত প্রতিযোগিতার জন্য ৪ ও ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে সাত মিনিটের ডকুমেন্টারি নির্মাণ করেন।

ইনসান আলী বলেন, ‘প্রতিযোগিতায় দ্বিতীয় হতে পেরে ভালো লাগছে। এটি সামনের দিনগুলোতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাগুলো আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তরুণ নির্মাতারা নিজেদের অভিজ্ঞতা ও তথ্যচিত্রের মাধ্যমে সেই সময়ের ঘটনাগুলো তুলে ধরছেন—এটি অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সৃজনশীল ও গবেষণাধর্মী কাজ শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. মামুনুর রশীদ, রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান, সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির, মিডিয়া সম্পাদক মুজাহিদ ইসলামসহ রাকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!