সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেয়া হলো গুরুতর অসুস্থ রাবি শিক্ষার্থীকে

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সায়মন স্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলসংলগ্ন মাঠ থেকে তাঁকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ নেয়।

এর আগে শনিবার রাতে ছাত্রাবাসে অবস্থানকালে সায়মন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

সায়মনের সহপাঠী সৌরভ বলেন, সকালে ঘুমানোর সময় সায়মন খাট থেকে পড়ে যান। প্রথমে তাঁরা বিষয়টি বুঝতে পারেননি। পরে তাঁর শরীর শক্ত হয়ে যেতে দেখে দ্রুত তাঁকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সৌরভ বলেন, ‘পরে সিনিয়র ভাই ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করি। তাঁরা জানান, সায়মন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এর আগেও তিনি দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়।’

তিনি আরও বলেন, রামেক হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ না থাকায় সায়মনকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘আমাকে জানানোর পর তাৎক্ষণিকভাবে আমরা আইসিইউর ব্যবস্থা করি। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে আরও উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। সড়কপথে নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিই।’

উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের বলব, তাঁর জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

Link copied!