সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে দুই শতাধিক চারা রোপণ

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে চারা রোপণ করছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (আরইউএসসি) উদ্যোগে ‘RUSC Tree Plantation Drive 2026’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে দুই শতাধিক ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।

রোববার (০৯ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরইউএসসি কার্যালয়সংলগ্ন এলাকায় একটি চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হক দিনারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম এবং ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে একই দিন রাজশাহীর বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণেও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক চারা বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানেও এসব চারা রোপণ করা হয়। চারা নির্বাচনের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য ও স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া হয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘গাছ পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আমরা এই গাছের যত্ন নেব। বড় হয়ে গাছটি যেন সুন্দর হয়, সেদিকে খেয়াল রাখব।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরিতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানাই।’

ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব পরিবেশ, বিজ্ঞান ও সমাজসংশ্লিষ্ট কার্যক্রমে কাজ করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানো এবং গাছের গুরুত্ব সম্পর্কে টেকসই বার্তা ছড়িয়ে দেওয়া।’

অনুষ্ঠানে ক্লাবের সহসভাপতি মো. আবু জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন খন্দকার ইমন, কোষাধ্যক্ষ সুলাইমান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জামিল দিয়া ও মাশরাফি জামান চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। কর্মসূচির আহ্বায়ক ছিলেন ক্লাবের মিডিয়া সম্পাদক সোহান আহমেদ।

Link copied!