শুক্রবার ২৫, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ২৫, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

সিলেটের এমসি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে শিক্ষার্থীরা এখন প্রবেশ করেছে। ভবিষ্যতে দেশ ও সমাজকে নেতৃত্ব দিতে হলে এখন থেকেই নিজেদের যোগ্য, দক্ষ ও নৈতিকভাবে গড়ে তুলতে হবে। শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন নয়, নৈতিকতা, আদর্শ, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদেরকে দেশ ও জাতির জন্য প্রস্তুত করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের এমসি কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রশিবির আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রত্যয়’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের সহস্রাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘দেশকে নেতৃত্ব দেওয়ার, সমাজকে নেতৃত্ব দেওয়ার সময় এখন এসেছে। এজন্য নিজেদেরকে তৈরি করতে হবে।’ সুন্দর ও সুশৃঙ্খল সমাজব্যবস্থা গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ জীবন গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানার্জনে সীমাবদ্ধ না থেকে দেশের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, চাইলেই একজন শিক্ষার্থী ভালো হতে পারেন, আবার খারাপ পথেও যেতে পারেন। ভালো কিংবা খারাপ হওয়ার সিদ্ধান্ত অনেকটাই নিজের হাতে। তাই বাবা-মায়ের স্বপ্নকে বিফলে না দিয়ে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। ভালো সার্টিফিকেট অর্জনের পাশাপাশি বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা বা স্কিল অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কর্মজীবনে সফল হতে হলে একাডেমিক যোগ্যতার সঙ্গে বিভিন্ন ধরনের দক্ষতাও অর্জন করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুশৃঙ্খল ক্যারিয়ার গঠনে ছাত্রশিবির সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আবু তাহের মিসবাহের সভাপতিত্বে এবং কলেজ সেক্রেটারি অলিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল, ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু এবং মহানগর শিক্ষা সম্পাদক সাইফুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, এমসি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, শাহজাহান আলী, অ্যাডভোকেট ইয়াসিন খান, আব্দুল্লাহ আল ফারুক, আবু তাহের ফাহিম, এনামুল ইসলাম এনাম ও ইসমাইল খান সৌরভ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক রুম্মান আহমদ। পরে ‘দিশারী শিল্পীগোষ্ঠী’র পরিবেশনায় ‘হেরার আলো জ্বালবোই’ বরণসঙ্গীতের সুরে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় নবীনদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজী তাসকিয়া ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুহিতুর রহমান।

আলোচনা ও বরণপর্ব শেষে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুস্তায়িনুর রহমান মওদূদ। পরে এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আবু তাহের মিসবাহের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দুপুর দেড়টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নবীন শিক্ষার্থীদের বরণকে কেন্দ্র করে আয়োজন করা হয় অনলাইন রচনা প্রতিযোগিতারও। এতে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় নির্বাচিত তিনজনকে সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানের বাইরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়। দিনব্যাপী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ জেনে নেন।

নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ, ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা, রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের মধ্য দিয়ে ব্যতিক্রমী আয়োজনে শেষ হয় এমসি কলেজ ছাত্রশিবিরের এ নবীনবরণ অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উপহার ও খাবার বিতরণ করা হয়।

Link copied!