শুক্রবার ২৫, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ২৫, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

জবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রথম সিভিল জজ মৃণাল

রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম

মৃণাল ডাকুয়া

সদ্য প্রকাশিত ​অষ্টাদশ (১৮তম) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রথম ব্যাচের মেধাবী শিক্ষার্থী মৃণাল ডাকুয়া। তিনি উক্ত পরীক্ষায় ১১৪তম মেধা তালিকায় স্থান অর্জন করেছেন। তার এই সাফল্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং তার নিজ এলাকায় আনন্দের জোয়ার বইছে।  

​মৃনাল ডাকুয়া ভোলা জেলার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কর্মজীবনে প্রবেশের এই বড় অর্জনে তার বাবা-মা, পরিবার ও আত্মীয়স্বজন অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী মৃনালের এই সাফল্যে পুরো পরিবারে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

​মৃণালের এই গৌরবোজ্জ্বল সাফল্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. খ্রিস্টীন রিচার্ডসন তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “মৃণাল আমাদের বিভাগের প্রথম ব্যাচের অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী একজন শিক্ষার্থী ছিল। তার এই অর্জন আমাদের পুরো বিভাগের জন্য অত্যন্ত গৌরবের। বিচার বিভাগে যোগ দিয়ে সে সততা ও নিষ্ঠার সাথে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বিভাগের পক্ষ থেকে তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”

​নিজের অনুভূতি ব্যক্ত করে মৃণাল ডাকুয়া জানান, “এই সাফল্যের পেছনে আমার বাবা-মা, পরিবার এবং শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাদের দোয়া ও অনুপ্রেরণা এবং আমার নিজ পরিশ্রমের ফলেই আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।”

Link copied!