প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ১২:৪৮ এএম
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আট শিক্ষার্থী বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর উদ্যোগে আয়োজিত চীন শিক্ষাসফরের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। নিটারের গভর্নিং বডির সদস্য ও বিশিষ্ট শিল্পউদ্যোক্তা মো. খোরশেদ আলমের পৃষ্ঠপোষকতায় এ শিক্ষাসফরের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) ঢাকায় এ তথ্য জানানো হয়। আয়োজকদের তথ্যমতে, কঠোর ও প্রতিযোগিতামূলক লিখিত বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা চীনের আধুনিক ও প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্প-কারখানা পরিদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রযুক্তি, উৎপাদনব্যবস্থা ও শিল্প ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। শিগগিরই তাদের চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
শিক্ষাসফরের আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচিত শিক্ষার্থীরা শনিবার নিটারের পরিচালক প্রফেসর ড. আশিকুল আলম রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় পরিচালক তাদের অভিনন্দন জানিয়ে বলেন, “সফরটি সফল, নিরাপদ ও ফলপ্রসূ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তিনি অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের টেক্সটাইল শিল্পের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।”
চীন শিক্ষাসফরের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা হলেন— জহিরুল ইসলাম প্রান্ত, অমিত সরকার, মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ইফাত, নাঈম হাসান অপু, আব্দুল কাইয়ুম খন্দকার, মো. আরিফুল ইসলাম, সিফার হাইদার শিবিব এবং কাজী আব্দুল বাকি নাভিদ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক শিক্ষাসফর শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও শিল্প-সংশ্লিষ্ট জ্ঞান সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের টেক্সটাইল খাতের জন্য আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও এ উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে।
