প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৬:০৯ পিএম
২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাস। রবিবার (১৯ জুলাই) স্নাতক প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে উচ্চশিক্ষা জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন নতুন শিক্ষার্থীরা।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগ ও দুটি ইনস্টিটিউট নিজস্ব আয়োজনে নবীনদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থীদের ফুল, কলম, ফাইল, ব্যাগসহ শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় জীবন, একাডেমিক কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিজ নিজ বিভাগে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে।
এবার ভর্তি হওয়া শিক্ষার্থীরা নোবিপ্রবির ২১তম ব্যাচ। নতুন ভবন, নতুন পরিবেশ ও নতুন সহপাঠীদের সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ক্যাম্পাসজুড়ে নবীনদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত উপস্থিতি নতুন প্রাণের সঞ্চার করেছে।
বাংলা বিভাগের শিক্ষার্থী অর্পণ সরকার বলেন, “জীবনে প্রথমবার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। শিক্ষক-শিক্ষিকাদের দিকনির্দেশনা এবং বড় ভাইদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। পুরো ক্যাম্পাসটি খুবই সুন্দর ও গোছানো মনে হয়েছে।”
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. আতিকুর রহমান বলেন, “ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষক ও সিনিয়ররা বিভাগের একাডেমিক পরিবেশ, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছেন। তাঁদের পরামর্শ ও উৎসাহ আমাকে অনুপ্রাণিত করেছে। নতুন এই যাত্রায় অনেক কিছু শেখার প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চাই।”
