প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করার জেরে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল ইসলাম শাহপরান হলের অফিসিয়াল ফেসবুক গ্রুপে ক্যান্টিনের খাবারের নিম্নমান নিয়ে একটি পোস্ট করেন। তিনি পোস্টে হলের প্রভোস্ট ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ইফতেখার আহমেদকে মেনশন করে বিষয়টি অবহিত করেন এবং ৫০ টাকায় পরিবেশিত মাছের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিতের দাবি জানান।
ভুক্তভোগীর অভিযোগ, ওই পোস্টের জের ধরেই তাঁর ওপর হামলা চালানো হয়। অভিযুক্তরা হলেন পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক রহমান এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান হাসিব। সাধারণ শিক্ষার্থীদের দাবি, তারা ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত।
খাইরুল ইসলাম বলেন, “কেবল ক্যান্টিনের খাবারের মান নিয়ে কথা বলার কারণেই আমাকে মারধরের শিকার হতে হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও শিক্ষার্থীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত তারেক রহমান ও হাসিবুর রহমান হাসিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
