জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৪:১১ পিএম
বুধবার ১৫, জুলাই ২০২৬ -- : -- --
নিহত মো. জাহিদ হাসান। ছবি: সংগৃহীত
বিয়ের দাওয়াত থেকে আর ক্যাম্পাসে ফেরা হলো না জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী মো. জাহিদ হাসানের। টাঙ্গাইলের সাগরদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষার্থী।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের সাগরদিঘী এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামে।
পারিবারিক ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, জাহিদ টাঙ্গাইলে একটি বিয়ের দাওয়াত শেষে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। পথে সাগরদিঘী এলাকায় তাঁকে বহনকারী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জাহিদ সিএনজির সামনের সিটে বসা ছিলেন। সংঘর্ষে তিনি বুকে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জাহিদের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবার ও তাঁর বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের মধ্যে বিরাজ করছে স্তব্ধতা।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোশারফ হোসেন। উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসনের পক্ষ থেকে জাহিদের জানাজায় অংশ নেওয়ার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের সুবিধার্থে একটি বিশেষ বাস বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, জাহিদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।