তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৮ এএম
বুধবার ১৫, জুলাই ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘ডিজিটাল কোলাবোরেশন,কমিউনিকেশন অ্যান্ড উইকিপিডিয়া’শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় ‘স্কলারশিপ সাপোর্ট অফিস’-এর উদ্যোগে এবং কিক (শরক), জিআইজেড (এওত) ও উইকিমিডিয়া বাংলাদেশ-এর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজামান এবং সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বৈশ্বিক নাগরিকদের সাথে তাল মিলিয়ে চলতে হলে ডিজিটাল কোলাবোরেশন ও দক্ষ যোগাযোগের কোনো বিকল্প নেই। মুক্ত তথ্যকোষ হিসেবে উইকিপিডিয়ার অবদান অনস্বীকার্য। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তথ্য আদান-প্রদান এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের দক্ষতার বিকাশ ঘটাতে হবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও গবেষণায় অনন্য ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মশালাটিতে মূল বক্তা হিসেবে সেশন পরিচালনা করেন উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য শাবাব মুস্তফা, বাংলা উইকিপিডিয়ার অ্যাডমিন মাসুম আল হাসান রকি এবং উইকিমিডিয়া স্টুয়ার্ড মুহাম্মদ ইয়াহইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা ও মডারেশন করেন স্কলারশিপ সাপোর্ট অফিসের মেন্টর ও ম্যানেজার মোঃ মাহমুদ রেজা। দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন এবং ডিজিটাল যোগাযোগ ও উইকিপিডিয়ায় তথ্য যুক্ত করার ব্যবহারিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।