প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১২:৪৭ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের যৌথ উদ্যোগে প্রায় ১২৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি ও স্টাইপেন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে এ বৃত্তি প্রদান করা হয়।
এতে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, “মেধার যথাযথ মূল্যায়ন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং একাডেমিক উৎকর্ষ অর্জনে ইতিবাচক ভূমিকা রাখে।”
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক বলেন, “এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের ইতিবাচক প্রতিযোগিতায় উৎসাহিত করে এবং ভবিষ্যতে দক্ষ ও দায়িত্বশীল মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।” তিনি অধিকসংখ্যক মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “মেধাবৃত্তি ও স্টাইপেন্ড শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং উচ্চতর সাফল্য অর্জনে উৎসাহিত করে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম বলেন, “বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি হলো মেধাবী শিক্ষার্থীরা। তাদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়নের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, গবেষণামুখী ও উদ্ভাবনী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব।” তিনি শিক্ষার্থীদের নিষ্ঠা, সততা ও অধ্যবসায়ের সঙ্গে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী উপদেষ্টা, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ একাডেমিক ও পেশাগত জীবনের সাফল্য কামনা করা হয়।
