শুক্রবার ১০, জুলাই ২০২৬

শুক্রবার ১০, জুলাই ২০২৬ -- : -- --

জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নতুন চেয়ারম্যান আতিকুর রহমান

জাবিপ্রবি থেকে মোঃ জসিম উদ্দিন

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম

ব্যবস্থাপনা বিভাগের নতুন চেয়ারম্যান আতিকুর রহমান

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান। আগামী তিন বছরের জন্য তাঁকে এ দায়িত্ব অর্পণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী স্বাক্ষরিত গত মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধির ৪ ধারার উপধারা (২) ও (২)(ক) অনুযায়ী সহকারী অধ্যাপক আতিকুর রহমানকে তিন বছরের জন্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকেই এ নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি প্রচলিত বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

একই আদেশে বিদায়ী চেয়ারম্যান মো. এনামুল হকের কাছ থেকে নিয়ম অনুযায়ী দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো সময় এ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেছে।

জানা গেছে, শিক্ষা ছুটিতে যাওয়ায় মেয়াদ শেষ হওয়ার আগেই মো. এনামুল হকের স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন আতিকুর রহমান।

নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় আতিকুর রহমান বলেন, “বিভাগের একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি, টিমওয়ার্ক, শৃঙ্খলা, স্বচ্ছতা, সহশিক্ষা কার্যক্রম এবং উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নেওয়াই আমার প্রধান লক্ষ্য। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি ইতিবাচক ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে কাজ করব। আমি এমন নেতৃত্বে বিশ্বাস করি, যেখানে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয়। জবাবদিহিতা, নিষ্ঠা এবং ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বিভাগের অগ্রগতি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

শিক্ষকতার পাশাপাশি প্রশাসনিক ও সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন আতিকুর রহমান। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের হাউস টিউটর এবং পরিবহন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাবিপ্রবি ডিবেটিং সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। এর আগে শিক্ষার্থীদের গাছ লাগানোর অ্যাসাইনমেন্ট প্রদান এবং বাস্তবভিত্তিক ব্যবসায় শিক্ষা নিশ্চিত করতে মেলা ও উৎসবভিত্তিক শিক্ষণ পদ্ধতি চালুর উদ্যোগ নিয়ে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।

Link copied!