মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬

মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ -- : -- --

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাবিপ্রবি উপাচার্যের শোক

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য। একই সঙ্গে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোকবার্তায় উপাচার্য বলেন, "ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের রাজনৈতিক অঙ্গনের একজন প্রজ্ঞাবান, অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র, সাংবিধানিক চর্চা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।"

তিনি আরও বলেন, "শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন এবং বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য।"

উপাচার্য বলেন, "ব্যারিস্টার জমির উদ্দিন সরকার একজন সাদামাটা, সদালাপী ও দূরদর্শী নেতা ছিলেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, রাষ্ট্রচিন্তা এবং নেতৃত্বগুণ সর্বমহলে প্রশংসিত ছিল। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।"

শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে উপাচার্য মহান আল্লাহর নিকট তাঁর জান্নাতুল ফিরদাউস নসিব এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

Link copied!