শুক্রবার ১০, জুলাই ২০২৬

শুক্রবার ১০, জুলাই ২০২৬ -- : -- --

চট্টগ্রামের পর এবার সিলেট বোর্ডের পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা, সিদ্ধান্ত আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম

ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সময়ে সিলেট বিভাগেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় শনিবার অনুষ্ঠিতব্য সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে আন্তঃশিক্ষা বোর্ড। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আজ শুক্রবারের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে।

আজ শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, টানা তিন দিনের বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের চার জেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মৌলভীবাজারের মনু এবং হবিগঞ্জের খোয়াই নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। অন্যদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছেছে। এতে বিভাগজুড়ে বন্যার আশঙ্কা ও উদ্বেগ আরও বেড়েছে।

এ ছাড়া ভারি বৃষ্টির কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার বিভিন্ন এলাকায় নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র উত্তরাঞ্চলের চার জেলায় বন্যার শঙ্কার কথা জানিয়েছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘শনিবারের পরীক্ষা নিয়ে আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। চট্টগ্রামের বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট বোর্ডের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আগামীকালের পরীক্ষা নিয়ে আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং মনিটরিং সেল খুলে আমরা বসে আছি। পরীক্ষা হবে কিনা এ বিষয়টি নিয়ে পর্যালোচনা করছি।’

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলেন, ‘নিয়ম অনুযায়ী জেলা প্রশাসক (ডিসি) বন্যাপ্রবণ অঞ্চলের বিষয়ে একটি প্রতিবেদন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানাবেন এবং পরীক্ষা গ্রহণ করা যাবে কিনা সে বিষয়টির ব্যাপারেও পরামর্শও দেবেন। পরে বোর্ড চেয়ারম্যান আমাদের জানালে, আমরা মন্ত্রণালয়ের সঙ্গে পরীক্ষার বিষয়ে আলাপ করে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাব।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম ও সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি খারাপের দিকে রয়েছে। তবে রংপুর ও ময়মনসিংহ অঞ্চল থেকে এখনো কোনো ধরনের খারাপ পরিস্থিতির খবর আমরা পাইনি। আমরা সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের আপডেট দিচ্ছেন।’ 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সদস্য প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সিলেট বোর্ডের আগামীকালের পরীক্ষা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত সিলেট অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। আশা করছি পরীক্ষা হবে, তবে পরিস্থিতি খারাপ হলে পরীক্ষা নাও হতে পারে। তবে আমরা অপেক্ষা করছি। আপনাদের জানানো হবে।’

Link copied!