শুক্রবার ১০, জুলাই ২০২৬

শুক্রবার ১০, জুলাই ২০২৬ -- : -- --

এবার চাঁদপুর-লক্ষ্মীপুর ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে—আইন সংশোধনে কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১২:১১ এএম

ফাইল ছবি

‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ সংশোধন করে নতুন নামে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’ এবং  ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ সংশোধন করে ‘লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’ প্রণয়নের লক্ষ্যে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি অফিস আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত অফিস আদেশে এসব তথ্য জানা গেছে। 

কমিটিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব ( নিরীক্ষা ও আইন অনুবিভাগ), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, শিক্ষা মন্ত্রণালয়ের একজন আইন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব।

অফিস আদেশে বলা হয়েছে, কমিটি বাস্তব চাহিদার ভিত্তিতে বিদ্যমান আইন সংশোধন, পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করে একটি নতুন ও যুগোপযোগী আইনের খসড়া প্রণয়ন করবে। এছাড়া প্রয়োজনবোধে এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করতে পারবে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন প্রণয়নের সংশোধিত খসড়া শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। 

এর আগে বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল তোলা হয়েছে। ২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রহিত করে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন–২০২৬’ প্রণয়ন করা হচ্ছে। গত মঙ্গলবার (৭ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে বিলটি তোলেন।

পরে বিলটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।

Link copied!