শুক্রবার ১০, জুলাই ২০২৬

শুক্রবার ১০, জুলাই ২০২৬ -- : -- --

অর্থাভাবে ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত চবির সাবেক শিক্ষার্থী শফিকুল সাজুর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ০৯:৩৩ পিএম

চবির সাবেক শিক্ষার্থী শফিকুল সাজুর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল সাজু অগ্ন্যাশয়ের (প্যানক্রিয়াস) ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এ অবস্থায় তাকে বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে পরিবার।

১৯৮৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে জন্ম নেওয়া মো. শফিকুল সাজু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ২০০৭ থেকে ২০০৮ শিক্ষাবর্ষে ভর্তি হন। সেখান থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে শিক্ষকতা পেশায় যোগ দেন। বর্তমানে তিনি নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

শিক্ষাজীবন থেকেই সমাজসেবা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, রক্তদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নানা উদ্যোগে সক্রিয় ছিলেন শফিকুল সাজু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুবর্ণচরের শিক্ষার্থীদের কাছেও তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ মানুষ।

শুধু শিক্ষকতাই নয়, নিজ এলাকার শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে কাজ করেছেন। পাশাপাশি হাজী মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগে যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার অগ্ন্যাশয়ে ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসার সম্ভাবনা যাচাই করতে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছেও তার চিকিৎসাসংক্রান্ত নথি পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই শিক্ষকের ওজন নেমে এসেছে মাত্র ৪১ কেজিতে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে ভারত অথবা থাইল্যান্ডে নেওয়া হতে পারে। এ জন্য প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন, যা তাদের পক্ষে বহন করা অসম্ভব।

সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, তার দুটি ছোট সন্তান এখনো বাবার স্নেহ ছায়ায় বেড়ে ওঠার অপেক্ষায়। ছয় বছর বয়সী কন্যা নভেরা সাদমীন এবং সাড়ে চার বছর বয়সী ছেলে ইরাম ফাইয়াজকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের।

সহায়তা পাঠানোর জন্য ব্যাংক হিসাবের তথ্য দেওয়া হয়েছে।

হিসাবের নাম: MD. SAFIKUL ISLAM

ব্যাংক: Sonali Bank, Kalamunsi Bazar Branch, Kabirhat, Noakhali

অ্যাকাউন্ট নম্বর: 3814101012672

রাউটিং নম্বর: 200751270

বিকাশ (পার্সোনাল): 01701300500

নগদ (পার্সোনাল): 01701300500

Link copied!