শুক্রবার ১০, জুলাই ২০২৬

শুক্রবার ১০, জুলাই ২০২৬ -- : -- --

নিটারের তিন আইপিই শিক্ষার্থীর গবেষণাপত্র আন্তর্জাতিক সম্মেলনে প্রকাশের জন্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের তিন শিক্ষার্থী আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে নতুন সাফল্য অর্জন করেছেন। অষ্টম আইইওএম বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্ট-এ গবেষণাপত্র উপস্থাপনের পর তা সম্মেলনের প্রসিডিংসে প্রকাশের জন্য নির্বাচিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক এ সম্মেলনে নিটারের প্রতিনিধিত্ব করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফিয়া সাইয়ারা আখি, শামীমা শাম্মী এবং মুস্তাকিম জাহান। বিভাগের শিক্ষক প্রমা আচার্য্য-এর তত্ত্বাবধানে তারা গবেষণাটি সম্পন্ন করেন।

জানা যায়, গবেষণাপত্রটিতে শিল্প প্রকৌশল ও অপারেশনস ম্যানেজমেন্ট খাতের সমসাময়িক সমস্যা, গবেষণাভিত্তিক বিশ্লেষণ এবং উদ্ভাবনী ধারণা তুলে ধরা হয়েছে। উপস্থাপনার সময় আন্তর্জাতিক গবেষক ও অংশগ্রহণকারীদের কাছ থেকে গবেষণাটি ইতিবাচক মূল্যায়ন লাভ করে। পরবর্তীতে এটি সম্মেলনের প্রসিডিংসে প্রকাশের জন্য নির্বাচিত হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, গবেষণাপত্রটির আন্তর্জাতিক প্রকাশনার জন্য নির্বাচিত হওয়া শিক্ষার্থীদের গবেষণামনস্কতা, একাডেমিক উৎকর্ষ এবং বৈশ্বিক গবেষণা পরিমণ্ডলে প্রতিযোগিতামূলক সক্ষমতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি। একই সঙ্গে এটি নিটারের গবেষণাবান্ধব পরিবেশ, শিক্ষকদের দিকনির্দেশনা এবং আন্তর্জাতিক মানের গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ধারাবাহিক উদ্যোগেরও প্রতিফলন।

এই অর্জন নিটারের গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক গবেষণা ও প্রকাশনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Link copied!