শুক্রবার ১০, জুলাই ২০২৬

শুক্রবার ১০, জুলাই ২০২৬ -- : -- --

কম্বাইন্ড ডিগ্রির স্বীকৃতিসহ তিন দাবিতে খুকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আছাদুজ্জামান

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ফ্যাকাল্টি অব ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেসের শিক্ষার্থীরা শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। 

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ফ্যাকাল্টির বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। ব্যানার, প্ল্যাকার্ড ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁরা তাঁদের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি উপস্থাপন করেন। প্রথমত, বিসিএস পরীক্ষার লিখিত পর্বে কম্বাইন্ড ডিগ্রিধারীদের জন্য পৃথক কোড চালুর দাবি জানান। তাঁদের ভাষ্য, প্রিলিমিনারি পরীক্ষায় কোড থাকলেও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড না থাকায় তাঁরা জটিলতার সম্মুখীন হন।

দ্বিতীয়ত, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রিকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার দাবি তোলেন শিক্ষার্থীরা। তাঁদের মতে, এ দাবি বাস্তবায়িত হলে যোগ্য প্রার্থীরা সমানভাবে চাকরির সুযোগ পাবেন।

এ ছাড়া ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা ইন্টার্ন এমবিবিএস চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং ইন্টার্নশিপ চলাকালে যাতায়াত ও দৈনিক ভাতার ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভেটেরিনারি শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও বিভিন্ন ক্ষেত্রে তাঁরা বৈষম্যের শিকার হচ্ছেন। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন তাঁরা।

দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Link copied!