শুক্রবার ১০, জুলাই ২০২৬

শুক্রবার ১০, জুলাই ২০২৬ -- : -- --

রাস্তার পাশের জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১১:৩৩ পিএম

রাস্তার পাশের জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

টাঙ্গাইলের বাসাইল উপজেলার একটি রাস্তার পাশের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদ্রাসার উত্তর পাশের জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল থেকে কান্নার শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করেন।

পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। শিশুটি উদ্ধারের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

স্থানীয় বাসিন্দা শারমিন বেগম বলেন, “আমি প্রথমে রাস্তার পাশের জঙ্গল থেকে কান্নার শব্দ শুনতে পাই। পরে আমার ভাগ্নেকে ডাকি। সে আসার পর আমরা জঙ্গলের ভেতর থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করি। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং শরীরজুড়ে পিঁপড়া ছিল।”

রফিকুল ইসলাম বলেন, “আমি বাড়িতে খেতে বসেছিলাম। তখন খালা আমাকে ডাক দেন। আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে জঙ্গলের মধ্যে নবজাতকটিকে দেখতে পাই। শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “বিয়ালা মাদ্রাসার উত্তর পাশের জঙ্গল থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুটি বর্তমানে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Link copied!