বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ -- : -- --

যবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম

সংগৃহীত ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম উপলক্ষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে যবিপ্রবি ছাত্রদল।

বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভর্তি কার্যক্রমে অংশ নিতে আসা শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা নবীনদের জন্য আনন্দময় ও স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভর্তি কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় তথ্য ও সার্বিক সহযোগিতা প্রদানেও সংগঠনের নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থী এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সালেক খান বলেন, “২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব শিক্ষার্থী যবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি হতে এসেছে, তাদের সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে স্বাগত জানাই। ভর্তি কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা আমরা করব। সবাই সুশৃঙ্খলভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে—এটাই আমাদের প্রত্যাশা। যবিপ্রবিতে তোমাদের সবাইকে স্বাগতম।”

ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থী এবং পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জি এম মাহমুদ রনি বলেন, “২০২৫–২৬ শিক্ষাবর্ষে চূড়ান্তভাবে ভর্তি হওয়া সকল নবীন শিক্ষার্থীকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাগতম। বিশ্ববিদ্যালয় জীবনের এই নতুন অধ্যায় জ্ঞানচর্চা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং নেতৃত্ব বিকাশের এক দৃঢ় ভিত্তি হয়ে উঠুক এই প্রত্যাশা রইল। সততা, দেশপ্রেম ও সৃজনশীলতার মাধ্যমে যবিপ্রবির গৌরব সমুন্নত রেখে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণে নবীন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিশ্বাস ও শুভকামনা রইল।”

এ সময় যবিপ্রবি ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে নবীন শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করেন তারা।

Link copied!