প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১০:৫৪ পিএম
বাংলাদেশের পরিবেশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ পদক তুলে দেন।
পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের জন্য গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে অধ্যাপক ড. আবদুস সালামকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়। এ বিষয়ে গত ৭ জুন ২০২৬ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম প্রায় ২৫ বছর ধরে পরিবেশ, বায়ু দূষণ ও প্রযুক্তি বিষয়ে গবেষণা করে আসছেন। বায়ু দূষণ, Atmospheric Science, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণার মাধ্যমে তিনি বাংলাদেশের বায়ুর মানোন্নয়ন, দূষণের উৎস শনাক্তকরণ এবং এ সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ ও বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি দেশ বিদেশের অসংখ্য সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন তিনি। এ ছাড়া ১৫০টিরও বেশি থিসিস তত্ত্বাবধান করেছেন অধ্যাপক ড. আবদুস সালাম।
জাতীয় পরিবেশ পদক অর্জনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।
