হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম
সোমবার ২৯, জুন ২০২৬ -- : -- --
হাবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রথম আন্তর্জাতিক কংগ্রেস। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ‘ইন্টারন্যাশনাল কংগ্রেস অন বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স, এআই ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ইমার্জিং টেকনোলজিস (আইসিবিআইএসইটি ২০২৬)’ শীর্ষক এ কংগ্রেসের আয়োজন করেছে আইইইই কম্পিউটার সোসাইটি হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের কনফারেন্স কক্ষে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান ও অফলাইন পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। প্রধান মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক চেয়ার অধ্যাপক ড. এম. সোহেল রহমান।
বিশেষ অতিথি ছিলেন হাবিপ্রবির উপউপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জামিল সুলতান এবং একই অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক, আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের রংপুর বিভাগীয় সমন্বয়ক, আইইইই কম্পিউটার সোসাইটি হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের উপদেষ্টা এবং আইইইইর সিনিয়র সদস্য ড. তানজিনা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স এবং টেকসই উদীয়মান প্রযুক্তি আগামী দিনের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে এবং দেশি বিদেশি গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
তিনি এই আন্তর্জাতিক কংগ্রেস আয়োজনের জন্য আইইইই কম্পিউটার সোসাইটি হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, "হাবিপ্রবি একটি গবেষণামুখী বিশ্ববিদ্যালয় হিসেবে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে এবং ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এই কংগ্রেসের মাধ্যমে অর্জিত জ্ঞান ও গবেষণালব্ধ ফলাফল স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, শিল্প এবং টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।"
সভাপতির বক্তব্যে ড. তানজিনা সুলতানা জানান, এ বছরের নভেম্বর কিংবা ডিসেম্বর নাগাদ আইইইই কম্পিউটার সোসাইটি হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের উদ্যোগে আরও বড় পরিসরে একটি আন্তর্জাতিক কনফারেন্স বা সিম্পোজিয়াম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কংগ্রেসের দ্বিতীয় পর্ব সোমবার সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। এ পর্বে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াসহ বিশ্বের পাঁচটি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও অধ্যাপকরা সমসাময়িক প্রযুক্তি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
অনলাইন পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অধ্যাপক এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার ড. মো. ওবায়দুর রহমান, মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন, যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির গবেষণা সহযোগী ড. মো. আল আমিন, দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কেইআইএসটি) পোস্টডক্টরাল গবেষক ড. ইরফান উল্লাহ এবং জার্মানির পাডারবর্ন ইউনিভার্সিটির গবেষণা সহযোগী ও পিএইচডি গবেষক উমাইর কুদুস।
দিনব্যাপী আয়োজিত এ আন্তর্জাতিক কংগ্রেসের অফলাইন পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রযুক্তিবিদেরা সরাসরি অংশ নিচ্ছেন। সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া অনলাইন পর্বে দেশ বিদেশের গবেষক ও বিশেষজ্ঞরা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তাঁদের গবেষণা ও অভিজ্ঞতা বিনিময় করবেন। বিভিন্ন মূল প্রবন্ধ উপস্থাপন ও কারিগরি আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক কংগ্রেসের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেছেন।