শুক্রবার ২৬, জুন ২০২৬

শুক্রবার ২৬, জুন ২০২৬ -- : -- --

সাসটেইনেবিলিটি র‍্যাংকিংয়ে এবার নেই যবিপ্রবি

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ১০:৪৩ পিএম

প্রতীকী ছবি।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবার স্থান পায়নি যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের প্রকাশিত ‘সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিংস ২০২৬’ এর ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাংকিংয়ে। আগের চার বছর ধারাবাহিকভাবে এ তালিকায় অবস্থান ধরে রাখলেও ২০২৬ সালের র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির নাম নেই।

বুধবার (২৪ জুন) প্রকাশিত এ তালিকায় দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেলেও সেখানে জায়গা হয়নি দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় যবিপ্রবির।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বৈশ্বিক তালিকায় বিশ্ববিদ্যালয়টি ৮৭তম স্থান অর্জন করেছে।

এর আগে যবিপ্রবি ২০২৫ সালে ১০০১ থেকে ১৫০০তম ব্যান্ডে অবস্থান করেছিল। ২০২৪, ২০২৩ ও ২০২২ সালে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৮০১ থেকে ১০০০তম ব্যান্ডে। তবে বিগত বছরগুলোর মতো এবার র‍্যাংকিংয়ে স্থান ধরে রাখতে না পারাকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, বাস্তব সমস্যামুখী গবেষণার ঘাটতি এবং গবেষণায় অনীহার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬ এ যবিপ্রবির অবস্থান ১০০১ থেকে ১২০০ ব্যান্ডে। সেখানে পাঁচটি সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর হলো শিক্ষাদান (Teaching) ১৫.২, গবেষণা পরিবেশ (Research Environment) ১১.৫, গবেষণার মান (Research Quality) ৭৪.৮, শিল্পখাতের সঙ্গে সংযোগ ও জ্ঞান স্থানান্তর (Industry) ১৯.৪ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বা আন্তর্জাতিকীকরণ (International Outlook) ৪৭.৬।

টাইমস হায়ার এডুকেশন (THE) সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিংস, যা পূর্বে THE Impact Rankings নামে পরিচিত ছিল, বিশ্বের একমাত্র বৈশ্বিক র‍্যাংকিং ব্যবস্থা যা মূল্যায়ন করে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals বা SDGs) বাস্তবায়ন ও অগ্রগতিতে কতটা অবদান রাখছে।

২০২৬ সালের এ র‍্যাংকিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় মূল্যায়নের আওতায় এসেছে। মূল্যায়ন করা হয়েছে ১৭টি পৃথক এসডিজি সূচকভিত্তিক র‍্যাংকিং টেবিল এবং একটি সামগ্রিক র‍্যাংকিংয়ের মাধ্যমে।

প্রতিবছর জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, সামাজিক সম্পৃক্ততা এবং শিক্ষাদান কার্যক্রমের ভিত্তিতে এ র‍্যাংকিং প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন।

Link copied!