প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৭:২৩ পিএম
রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের ইসলামপুর এলাকায় আলোচিত গৃহবধূ আয়শা বেগম (৪৮) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। ঘটনায় নিহতের আপন ভাতিজা মো. সোহাগ (১৭) এবং তার সহযোগী মো. ওমর আলীকে (১৯) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এ তথ্য জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর থেকেই ঘটনাটি তদন্তে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন সূত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে লুট হওয়া অর্থের মধ্যে ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, নিহত আয়শা বেগমের ঘরে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ রয়েছে—এ তথ্য আগে থেকেই জানত তার ভাতিজা সোহাগ। সেই অর্থ লুটের উদ্দেশ্যে সহযোগীকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার ঘটনা ঘটানো হয়। পরে ঘরে থাকা টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুন সন্ধ্যায় শুভলং ইউনিয়নের ইসলামপুর এলাকায় নিজ বাড়িতে একা থাকা অবস্থায় খুন হন আয়শা বেগম। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। পরে তার মরদেহ উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ ছিল, হত্যার পাশাপাশি ঘর থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা লুট করা হয়েছে। ঘটনার কয়েকদিনের তদন্ত শেষে হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ।
