বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬

বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬ -- : -- --

কিউএস র‌্যাঙ্কিংয়ে টানা তৃতীয়বার দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি থেকে আরিফ জাওয়াদ

প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৯:০০ পিএম

প্রতীকী ছবি।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি। এর আগে গত দুই বছরের র‌্যাঙ্কিংয়েও দেশের সেরা বিশ্ববিদ্যালয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস কিউএস (QS) সম্প্রতি ‘QS World University Rankings 2027: Top Global Universities’ শীর্ষক তালিকা প্রকাশ করে। বিশ্বের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের তথ্য বিশ্লেষণ করে এ র‌্যাঙ্কিং প্রস্তুত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান মূল্যায়নে বর্তমানে কিউএস ৯টি সূচক ব্যবহার করে থাকে। প্রতিটি সূচকের সর্বোচ্চ স্কোর ১০০। এসব সূচকের গড় স্কোরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা হয়।

প্রকাশিত ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক (Overall) স্কোর ২৮.৩। একাডেমিক সুনাম (Academic Reputation) সূচকেও বিশ্ববিদ্যালয়টি ২৮.৩ স্কোর অর্জন করেছে। দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই অর্জনকে দেখা হচ্ছে।

কর্মসংস্থান ফলাফল (Employment Outcomes) সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৫.০ স্কোর পেয়েছে, যা স্নাতকদের কর্মক্ষেত্রে উচ্চ গ্রহণযোগ্যতা ও সফলতার প্রতিফলন। একই সঙ্গে নিয়োগদাতাদের দৃষ্টিতে বিশ্ববিদ্যালয়টির সুনাম (Employer Reputation) সূচকে স্কোর ৫০.৮, যা চাকরিদাতাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিবাচক ভাবমূর্তির ইঙ্গিত দেয়।

গবেষণা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি। আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক (International Research Network) সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬১.১। এটি আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা বৃদ্ধির প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। টেকসই উন্নয়ন (Sustainability) সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর ৬০.৬, যা পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এর অঙ্গীকারকে তুলে ধরে।

অন্যদিকে, সাইটেশনস পার ফ্যাকাল্টি (Citations per Faculty) এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত (Faculty Student Ratio) সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর যথাক্রমে ৮.০ ও ৮.০। আন্তর্জাতিক শিক্ষক অনুপাত (International Faculty Ratio) সূচকে ২.০ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত (International Student Ratio) সূচকে ১.৪ স্কোর অর্জিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির এসব সূচকের ফলাফল ভবিষ্যতে আন্তর্জাতিকীকরণ, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক সম্পৃক্ততা আরও জোরদারের প্রয়োজনীয়তার বিষয়টিও সামনে নিয়ে এসেছে।

বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে টানা তৃতীয়বারের মতো অবস্থান ধরে রাখার এই অর্জনকে শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Link copied!