প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৮:১৬ পিএম
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা মূল্যায়ন প্রতিষ্ঠান কিউএস (Quacquarelli Symonds) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭-এ এবারও স্থান পায়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক এ র্যাঙ্কিংয়ে জায়গা করে নিলেও তালিকায় নেই কুবির নাম।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭ অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যা বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং তৃতীয় স্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।
র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত অন্যান্য বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, এবার বাংলাদেশের মোট ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে আটটি সরকারি বিশ্ববিদ্যালয়, চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক এ মূল্যায়নে এবারও স্থান অর্জন করতে পারেনি।
প্রতিবছর জুন মাসে কিউএস বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। শিক্ষা ও গবেষণার মান, একাডেমিক সুনাম, নিয়োগদাতাদের কাছে গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি, গবেষণার প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ র্যাঙ্কিং নির্ধারণ করা হয়।
এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের মোট ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যা বৈশ্বিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান ও সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।
